img

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। মঙ্গলবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ রিপোর্ট পেশ করা হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের আগে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) পেশ করলেন প্রধানমন্ত্রীর কাছে।

এই সময় সিএজি-কে প্রধানমন্ত্রী জনগণকে বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে এবং সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পসমূহের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিট সম্পাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্টে স্থান পেয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেই আলোচিত ‘বালিশকাণ্ডের’ দুর্নীতির প্রতিবেদন।

২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নিয়ে ‘বালিশকাণ্ড’ দুর্নীতি সামনে আসে। প্রতিটি বালিশ কেনায় ৫,৯৫৭ টাকা এবং তা ওপরে তোলার খরচসহ অন্যান্য সামগ্রীতে কোটি টাকার জালিয়াতি হয়।

প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অডিট রিপোর্ট পেশ করেছেন, সেখানে বালিশকাণ্ডের তদন্ত প্রতিবেদনও আছে।’

প্রেস সচিব জানান, ‘প্রধানমন্ত্রী প্রতিবেদনে প্রতিটি বালিশের একরকম অবিশ্বাস্য দাম শুনে সিএজি-কে বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত।’

অডিট রিপোর্ট পেশের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ